ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলায় মিতা বেগম (১৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর ভাড়ার জামিনদার ও পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে নতুন বাগবাড়ি গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের সঙ্গে উজ্জ্বল মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন উজ্জ্বল মিয়া পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তার মামার বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে অলি ও মারুফের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উজ্জ্বল মিয়াকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। উজ্জ্বল মিয়া আহত হওয়ার খবর পেয়ে তার মামাতো বোন মিতা বেগম প্রতিবেশী টিটু মিয়ার বাড়িতে বিষয়টি নিয়ে জানতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় টিটু মিয়া, তার স্ত্রী এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিতা বেগমের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে মিতা বেগম মারা যান। অন্যদিকে আহত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।