ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় জোহা আক্তার ইতি মনি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (৬ জুন) দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের উমেদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহা আক্তার ইতি মনি উমেদপুর গ্রামের মো. শফিক আলমের মেয়ে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচলকালে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে অটোরিকশার চালক ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে সৈয়দ হোসেনকে (২১) আটক।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালক সৈয়দ হোসেনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়ান টিভি/ মনোয়ার