প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ ০২:১৩ (শনিবার)
অবৈধ পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

ছবিঃ ওয়ান টিভি

ভারত থেকে সম্ভাব্য অবৈধ পুশইন প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ৭ জুন মধ্যরাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে সুনামগঞ্জ সীমান্তের মোট ১২০ কিলোমিটার এলাকার মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৬টি স্থানে কাঁটাতারের বেড়া না থাকায় এলাকাগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এসব অরক্ষিত পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশইন প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বিজিবি কর্মকর্তারা জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওয়ান টিভি/ মনোয়ার