প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ ১৪:৪২ (শনিবার)
দোয়ারাবাজারে ৫৫৬ পরিবার পেল  ফ্যামিলি কার্ড

ছবি : ওয়ানটিভি

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নৈনগাঁও গ্রামের ৫৫৬টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও পরিবারভিত্তিক সেবাদান নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা, প্রয়োজন ও সামাজিক নিরাপত্তা সুবিধার তথ্য একটি প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এতে সরকারি সেবা ও বিভিন্ন সহায়তা কর্মসূচি আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সার্বিক তথ্য সংরক্ষণ করা হলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা বিভিন্ন সুবিধা যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এবং দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য শামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, কমিউনিটি নেতা সুয়েব মিয়া তালুকদার, বিএনপি নেতা হাজী আব্দুল বারী, আব্দুল মানিক মাস্টার, আবু হেনা আজিজ, হারুনুর রশিদ, ফরিদ আহমদ, আব্দুল কাইয়ুমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে নৈনগাঁও গ্রামের নির্বাচিত ৫৫৬টি পরিবারের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ডপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরির মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ ও সুশৃঙ্খল হবে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।