ছবি : ওয়ানটিভি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ বোতল অফিসার চয়েজ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে বুধবার (১ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের মধ্য কাপনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খানের নেতৃত্বে এসআই মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। এ সময় মধ্য কাপনা গ্রামের মাওলানা মো. রুহুল আমিনের বসতবাড়ির রান্নাঘর থেকে ২৪ বোতল অফিসার চয়েজ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
এ ঘটনায় জাকারিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মধ্য কাপনা গ্রামের কেরামত আলীর ছেলে।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০১, তারিখ ১ জুলাই ২০২৬।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।