প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ ১৭:৩৬ (মঙ্গলবার)
তাহিরপুরে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

ছবি: ওয়ান টিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান (জান্টু)-এর ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তাহিরপুর উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মান্ডবপুর গ্রামে ইউপি সদস্য আতাউর রহমান (জান্টু)-এর বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নয়নগর গ্রামের ময়না মিয়া, ডালিম মিয়া, রাষ্ট্র মিয়া, সুজন মিয়া, জুয়েল মিয়া, মিজানুরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। এছাড়া কান্ডবপুর গ্রামের তৌহিদ ও শহিদ মিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীদের সহযোগিতা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

হামলায় ইউপি সদস্য আতাউর রহমান (জান্টু) ছাড়াও কয়েকজন নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাছরুম, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক সামায়ূন কবির, সদস্য আব্দুস শহিদ, সরবুলা বেগম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মিয়া হোসেন, ডালিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।