প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ ২২:০৩ (বৃহস্পতিবার)
পলাশ বাজারে বাংলা কিউআর বাস্তবায়নে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

ছবি: ওয়ান টিভি

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি মুল্লিকপুর উপশাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বাজারে র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পলাশ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা এবং ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক জয়নাল আহমেদ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি মল্লিকপুর উপশাখার ব্যবস্থাপক জুনায়েদ আহমেদ।

এ সময় বক্তব্য দেন পলাশ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সহসভাপতি আমীর হামজা ও শহিদুল ইসলাম, রূপালী ব্যাংক পিএলসি পলাশ বাজার উপশাখার ব্যবস্থাপক গৌতম দাস এবং পলাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।