প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ১১:৪২ (বুধবার)
সুনামগঞ্জে ভোজ্যতেলের নিরাপদ ব্যবহার বিষয়ক এডভোকেসি সভা

ছবি : ওয়ান টিভি

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে সুনামগঞ্জে স্থানীয় প্রভাবশালী বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ক্যাবের সভাপতি মো. একলাছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুল রহমান। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ক্যাবের কেন্দ্রীয় জ্যেষ্ট সহ-সভাপতি জামিল চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ইশরাত আজম ঈশিতা। বিশেজ্ঞ মতামত উপস্থাপন করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাধাপক ডা. সোহেল রেজা চৌধুরী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন কান্ট্রি এডভোকেসি প্রোগ্রাম মুশতাক হাসান মুহা. ইফতিখার। 

আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জয়শ্রী দেব, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য মো. সেরুজ্জামান, এমদাদুল হক শাহজাহান, একাত্তর টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা ভোজ্যতেল অনিরাপদ ড্রামের ব্যবহারকে জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ করে নিরাপদ বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব দেন তারা।

‎বক্তারা বলেন, অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ উপায়ে ভোজ্যতেল পরিবহন ও সংরক্ষণে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

‎সভায় ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এদিকে, বিকেলে একই সম্মেলন কক্ষে মানব স্বাস্থ্যের উপর ড্রামের খোলা ভোজ্যতেল ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভোক্তা ও বাল্ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডাক্তার আলিভা হক।