ছবি : ওয়ান টিভি
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানবাহন চলাচল নিরাপদ করতে অভিযান পরিচালনা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
বুধবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহি ম্যাজিট্রেট হিল্লোল চাকমা।
এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীবাহি বাসের ফিটনেস, রেজিষ্ট্রেশন, চালকের লাইসেন্স চেক করা হয়। অভিযানকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ১৭টি বাসকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে কাগজপত্র সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, 'জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করেছি। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধি মোতাবেক বিভিন্ন ধারায় মোট ১৭ টি বাসকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকর প্রমূখ।