https://onetv24.com/

1021

national

জাতীয়

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিবিড় তদারকির নির্দেশনা

প্রকাশ: ২৭ মে ২০২৬ ০২:১২
প্রতিবেদক: ওয়ানটিভি ডেস্ক

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীন সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে তারা পরিদর্শন সংক্রান্ত এক প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠাবেন।

এছাড়া, নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ এবং আকস্মিক বিদ্যুৎ-বিভ্রাটজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন গ্রাহক অসন্তোষ কমানোর লক্ষ্যে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে গ্রাহকদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।  


এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম/ মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা/ কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।  

ঈদ উপলক্ষে নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে।


বিদ্যুৎ বিভাগ আশা করছে যে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।