ছবি : ওয়ানটিভি
টানা উত্তেজনার পর অবশেষে এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের মাঠের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ জেলার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক আদনান ফুয়াদ নাবিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে আন্দোলন প্রত্যাহার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেওয়া এক ফেসবুক পোস্টে সমন্বয়ক নাবিল জানান, মূলত ৫টি সুনির্দিষ্ট দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে শীর্ষ ৩টি দাবিই মেনে নিয়েছে কর্তৃপক্ষ। দাবিগুলো ছিল— পদার্থবিজ্ঞান পরীক্ষার বিতর্কিত ও ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া, দেশের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য যৌক্তিক ও সঠিক সমাধান নিশ্চিত করা এবং পূর্বে দেওয়া কিছু আপত্তিকর মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।
শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবিগুলো পূরণ হয়েছে এবং শিক্ষামন্ত্রীর পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর অসংগতির বিষয়ে যথাযথ ব্যাখ্যা পাওয়ায় তাঁরা মন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি থেকে সরে এসেছেন।
ফেসবুক পোস্টে সমন্বয়ক নাবিল সাধারণ শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, এই আন্দোলনের কোনো কেন্দ্রীয় একক নেতৃত্ব না থাকার সুবাদে কিছু কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, “অটোপাস দেওয়া, সহজ প্রশ্ন করা কিংবা সরকার পতনের মতো রাজনৈতিক কোনো বিষয় কখনোই সাধারণ শিক্ষার্থীদের এজেন্ডা ছিল না।” আন্দোলনের সুযোগ নিয়ে ‘পতিত লীগ’ ও অন্যান্য স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পরীক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করতে চেয়েছিল বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা দেশের সাধারণ জনগণের ভোগান্তি এড়াতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পূর্ণ আস্থা রেখেই রাজপথ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী আর কোনো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেওয়া হবে না— এমন আশাবাদ ব্যক্ত করে দেশের সর্বস্তরের মানুষকে তাঁদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।