ছবি : ওয়ান টিভি
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে হবে। খাদ্য উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখন অর্গানিক ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৫ জুন) দিরাই মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস উপলক্ষে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষক-কৃষাণীদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষিনির্ভর দেশের উন্নয়নে কৃষকের উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কৃষকদের নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও কৃষি ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে।
উপ-পরিচালক আরও বলেন, অধিক ফলনের আশায় অনেক সময় কৃষকরা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন, যা বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক পদ্ধতির চাষাবাদে গুরুত্ব দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার এবং দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় কৃষক আব্দুল মালিক, শিবানী লস্কর, রূপা রানী ও অনিল রায় বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আলীম এবং গীতা পাঠ করেন রূপা রানী রায়।