ছবি : সংগৃহীত
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সকল নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ রকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপৎসীমা ছুয়েও ফেলতে পারে। এতে জেলার নিম্নাঞ্চল গুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। এরকম বৃষ্টিপাত হলে স্বল্প মেয়াদী বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।”
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “সকালে পানির স্রোত কিছুটা কম ছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে পানিও বেড়েছে। সড়কটি তলিয়ে যাওয়ায় স্থানীদের যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পাহাড়ি ঢল থামলে সড়ক থেকে পানি নেমে যাবে।”
ওয়ান টিভি / মনোয়ার