https://onetv24.com/

1198

sunamganj

সুনামগঞ্জ

খাসিয়ামারা নদীতে দিনরাত অর্ধশত ড্রেজারে বালু উত্তোলন

হুমকির মুখে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবারড্যামসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১০:৫২
প্রতিবেদক: তানভীর আহমেদ

দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর দুই তীরে ড্রেজার চালিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। ছবি: ওয়ানটিভি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে দিনদুপুরে অর্ধশত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারার শর্তকে তোয়াক্কা না করে প্রভাবশালীরা অবৈধভাবে বালু তুলছে। এতে নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের কারণে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবারড্যামসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক বসতভিটা। পরিবেশ বিধ্বংসী ড্রেজারের বিকট শব্দে নদীপাড়ের মানুষ অতিষ্ঠ। এ নিয়ে নির্বিকার স্থানীয় প্রশাসন। তবে, ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা।

উপজেলার নোয়াপাড়া গ্রামের পাশে খাসিয়ামারা নদীতে ভোর থেকে দিনভর চলে অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এই বালু তোলায় ইজারা শর্ত ভাঙা হচ্ছে। প্রশাসনকে দেখানো হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। নদীর তলদেশ ও তীর ঘেঁষে বালু তোলায় নদীভাঙনে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে। নোয়াপাড়া গ্রামের পাশে রাবারড্যাম থাকায় সরাসরি নদীর ওই অংশে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নদীর একপাশ থেকে বালু তুলে তা পাইপের মাধ্যমে পাশে থাকা বাল্কহেডে ভর্তি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ড্রেজিংয়ের শুরুতে ড্রেজারের পাশে ছোট ছোট বারকি নৌকা দিয়ে সামান্য কিছু বালু নদীতে ফেলে। পরবর্তীতে সেই বালু তোলার নাম করে নদীর তলদেশ থেকে কয়েকগুণ বেশি বালু তোলা হয়। দিনরাত চলা ড্রেজারগুলোর বিকট শব্দ স্থানীয়দের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন-অর-রশিদ খাসিয়ামারা নদী ইজারা নেওয়ার পর থেকেই ক্ষমতার উৎকট দাপট দেখিয়ে অবৈধ ড্রেজারের নেতৃত্ব দিচ্ছেন। প্রভাবশালী এই ব্যক্তির ভয়ে স্থানীয়রা মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।

নদীপাড়ের মানুষ বলেন, ড্রেজারের বিকট শব্দে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে। শিশু, বৃদ্ধ থেকে সব বয়সী মানুষ হারাচ্ছে শ্রবণশক্তি। স্থানীয়দের উচ্চ রক্তচাপ ও মানসিক অবসাদের মতো স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান স্থানীয়রা।

নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মানিক মিয়া বলেন, নদীতে দিনরাত ৫০-৬০টি ড্রেজার চলে। শশ নৌকা দ্রুত গতিতে চলে। একদিকে ঢেউ অন্যদিকে ড্রেজারের তান্ডব। এই দুই কারণে আমার বসতঘর ঝুঁকির মধ্যে। যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে বসতঘরটি। ইতোমধ্যে রান্না ঘর ভেঙে গেছে। টিউবওয়েলের পাকা অংশে ফাটল দেখা দিয়েছে। টিউবওয়েলও যেকোনো সময় নদীতে চলে যেতে পারে। আমরা চাই নদী তীরবর্তী গ্রামগুলো রক্ষা করার জন্য ড্রেজার বন্ধ করা হোক।

খাসিয়ামারা নদীতে ড্রেজারের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালানোয় বিচলিত পরিবেশ কর্মীরা। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নদী থেকে এসব অবৈধ ড্রেজার সরানো না হলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।

‘ড্রেজার পুরোপুরি নিষিদ্ধ। তারপরেও নদীতে ড্রেজার চলে কীভাবে, নিশ্চিতভাবেই বলা যায়, এরসঙ্গে ইউএনও ও ভূমি কর্মকর্তার যোগসাজশ রয়েছে। এসব ড্রেজার বন্ধের পাশাপাশি কারা এগুলো চালানোয় সহায়তা করছেন- তার বের করার দাবি জানান পরিবেশকর্মী সালেহীন চৌধুরী শুভ।’

এদিকে ইজারাদারের দাবি প্রশাসনের মৌখিক অনুমতিতেই চালানো হচ্ছে ড্রেজার। রাবারড্যামের যেন ক্ষতি না হয়, সেজন্য ড্রেজারের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে বলে জানান ইজারাদার ও উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘প্রশাসনের মৌখিক অনুমতি রয়েছে। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেই ড্রেজার চালাচ্ছি। রাবারড্যামের ক্ষতি এড়াতেই ড্রেজার চালানো হচ্ছে।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, খাসিয়ামারা নদীর রাবারড্যাম এলাকায় রাবারের যেন ক্ষতি না হয়, সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রেজারের মাধ্যমে বালু পাচার করা হচ্ছে। তিনি বলেন, শব্দদূষণ বেড়ে গেলে ইজারাদারকে বলা হবে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। প্রয়োজনে ড্রেজার কমিয়ে দেওয়া হবে।

🔔 শিরোনাম
৫৫ বছর ধরে নিরুদ্দেশ দুই ভাই ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ, কাজ  মাত্র সিকিভাগ হয়‌নি ! ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি ঈদের দিন আলোচিত ওয়ারিস হ, ত্যা মা ম লায় ২ জনের যা'ব'জ্জী'বনসহ ১১ জনের বিভিন্ন মেয়াদ সা'জা এক সপ্তাহের মধ্যে দালাল চক্রের তথ্য পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনসার উজ্জ্বল নি হ তে হানিফের সম্পৃক্ততার অ ভি যো গ সুনামগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নারী নি হ ত: আহত ২০ জন গোচারণ ভূমি দখল নিয়ে দিরাইয়ে হা ম লার অ ভিযোগ সিলেটে সড়ক দু র্ঘ ট না: সুনামগঞ্জের একই পরিবারের স্বামী, স্ত্রীসহ সন্তান নি হ ত প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক : এমপি কয়ছর