ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকালে শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করে। তা নিয়ে শিশুদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে শিশুদের অভিভাবক আব্দুন নূর ও আল-আমীনের পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সামায়িকভাবে নিষ্পত্তি হলেও শনিবার দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে আব্দন নূরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আল আমীনের পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালালে আল আমীন মারাত্মকভাবে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ৫ জন আহত হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনার সুষ্টু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এদিকে ঘটনার পর থেকে অপর পক্ষ পলাতক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ।